হবিগঞ্জে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

শনিবার (২৮ মার্চ) দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, মেহেদী, মদ এবং চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ভোরে অভিযান চালানো হয়। এ সময় ভাঙ্গারি মালামাল বোঝাই একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ট্রাকটির ভাঙ্গারি মালামালের নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ ও মেহেদী উদ্ধার করা হয়।

এছাড়া একই উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ২৩ বোতল এবং শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে আরও ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

বিজিবির লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।