সিলেটে হাম উপসর্গে ১দিনে ৫ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে ১দিনে ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে সিলেটে মৃত্যু ক্রমশই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। 
মৃত শিশুরা হলো- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল মালিকের পাঁচ মাস বয়সী মেয়ে রাইসা, সুনামগঞ্জের ছাতক উপজেলা সদরের ইশাক আলীর ছয় বছর ২৭ মাস বয়সী ছেলে আলী আফসান, একই জেলার দিরাই উপজেলার জগদল এলাকার মুসাদ্দিক মিয়ার ১০ মাস বয়সী শিশু মুসলিমা, সিলেট নগরের শিববাড়ি জৈনপুর এলাকার বাহরাম আহমদের এক বছর দুই মাস বয়সী ছেলে মো. রাশেদ আহমদ ও সুনামগঞ্জ সদরের চার বছর দুই মাস বয়সী শিশু শামীমা।

এদের মধ্যে রাইসা ও আলী আফসান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, মুসলিমা ও রাশেদ শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে এবং শামীমা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, মারা যাওয়া ৪৮ জনের মধ্যে হাম সন্দেহে ৪৩ জন এবং নিশ্চিত হাম রোগে পাঁচজনের মৃত্যু হয়েছে।
 
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম রোগ সন্দেহে ভর্তি হয়েছে ৭৪ জন। এর মধ্যে শহীদ ডা. সামসুদ্দিন হাসপাতালে ৩২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ জন এবং বাকিরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২৮৩ জন। এর মধ্যে সামসুদ্দিন হাসপাতালে ৮০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫৫ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৪ জন এবং বাকিরা অন্যান্য হাসপাতালে ভর্তি রয়েছে।