ওসসানীনগরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ইউনিয়ন সম্মেলন

ওসসানীনগরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ইউনিয়ন সম্মেলন

নতুন কমিটি গঠন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের তাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বাদ মাগরিব তাজপুর বাজারস্থ ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জাহেদুর রহমান চৌধুরী বলেন, যুবসমাজ একটি দেশের পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি। নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শের আলোকে যুবকদের নিজেদের গড়ে তুলতে হবে। সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি অন্যায়, অনিয়ম ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে দায়িত্বশীলদের ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মানুষের পাশে থেকে সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি যুব বিভাগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলী, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর ও আসন্ন তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি গোলাম হায়দার, ইসলামী সমাজকল্যাণ পরিষদ, ওসমানীনগরের সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি সুলতান আহমদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইশরাক ফাহিম, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, তাজপুর ডিগ্রি কলেজ শিবিরের সভাপতি রাব্বিল আহমদ শামীম এবং তাজপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহ লোকমান হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, যুবসমাজকে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। সম্মেলনে তাজপুর ইউনিয়ন যুব বিভাগের ২০২৬-২৭ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এ সময় জামায়াতে ইসলামী, যুব বিভাগ ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।