সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

বাংলাদেশ সময় আজ শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিডিনিউজের এক প্রতিবেদনে জানা যায়, মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তৌফিক ইমরোজ খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিডিনিউজ-এর চিফ রিপোর্টার সুমন মাহমুদ বলেন, ‘স্ট্রোকের পর তৌফিক ভাইয়ের শারীরিক অবস্থা খারাপ ছিল বলে আমরা শুনেছি।

এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি মারা গেছেন।’
দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ তৌফিক ইমরোজ খালিদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করা তৌফিক ইমরোজ খালিদী ডেইলি স্টার ও বিবিসিতে সাংবাদিকতা করেছেন।

২০০৬ সালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের দায়িত্ব নেন তিনি। এরপর থেকে সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মরদেহ কবে দেশে আনা হবে তা এখনো ঠিক হয়নি। জানাজা ও দাফনের স্থান ও সময় চূড়ান্ত হলে পরিবারের তরফে তা জানিয়ে দেওয়া হবে।

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় তিনি বলেছেন, ‘দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।’
রাষ্ট্রপতি তার সঙ্গে থাকা ব্যক্তিগত স্মৃতির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক।