বাড়ছে আতঙ্ক

পাল্টাপাল্টি আগুনে পুড়ছে নেতাদের বাড়ি-অফিস

পাল্টাপাল্টি আগুনে পুড়ছে নেতাদের বাড়ি-অফিস

চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে পালা করে পুলিশ পাহারা দেয়। গত বুধবার মধ্যরাতে সেই বাড়িতেই আগুন দেওয়া হয়েছে। বাড়িটিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে। শুধু ইউনূসের বাড়িতেই নয়, গত কয়েক দিনে সারা দেশে ক্ষমতাসীন দল বিএনপির তিনজন সংসদ সদস্যসহ অন্তত ১১ নেতাকর্মীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আগুনে পুড়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলের সাবেক অন্তত ১০ মন্ত্রী-এমপির বাড়ি। দুই দলের নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানও রক্ষা পাচ্ছে না আগুনের হাত থেকে।

ক্ষমতাসীন বিএনপির নেতা এবং পতিত আওয়ামী লীগের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি সড়কে একের পর এক পুড়ছে গাড়ি। মুহুর্মুহু ফুটছে ককটেল আর পেট্রোল বোমা। থানা ভবন থেকে চিকিৎসা কেন্দ্র—নাশকতার আগুন থেকে রক্ষা পাচ্ছে না কিছুই। এতে প্রাণহানিও ঘটছে।

১৫ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগ সহিসংতা শুরু করে। ওই এলাকায় বিএনপির এমপিসহ কয়েক নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পর তা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। পাল্টা আক্রমণ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরেও শুরু হয় অগ্নিসংযোগ। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। আগামী ডিসেম্বরে তার দেশে আসার ঘোষণা দেওয়ার পর থেকেই মূলত উত্তপ্ত হয়ে উঠে রাজনীতির মাঠ। আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় প্রধানের দেশে ফেরার দাবিতে নানা অপতৎপরতা শুরু করে। এরই অংশ হিসেবে গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগের লোকজন। এর জবাবে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের পলাতক নেতাদের বাড়িঘরও আক্রমণের লক্ষ্যবস্তু হয়। আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে উত্তেজিত জনতা দলটির নেতাদের বাড়িঘর আক্রমণ করছে বলে বলা হচ্ছে।

সরকারের পক্ষ থেকেও চলমান নাশকতা প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নাশকতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে সারা দেশেই নিরাপত্তা জোরদারের পাশাপাশি ধরপাকড়ও বেড়েছে।

সাম্প্রতিক জ্বালাও-পোড়াও নিয়ে পুলিশের সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা কালবেলাকে বলেন, এই পরিস্থিতিতে সরকারকে ধৈর্য শক্তি দেখাতে হবে। সরকারের দায়িত্ব জানমালের রক্ষা করা, তা যে কোনো মূল্যেই রক্ষা করতে হবে। পাশাপাশি যারা এ ধরনের জ্বালাও-পোড়াও করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী অ্যাকশনে যেতে হবে। এই ধরনের নাশকতা করে পার পাওয়া যাবে না সেই ধরনের বার্তা দিতে হবে।

বিএনপির ৩ এমপিসহ ১৩ নেতার বাড়িতে আগুন: সহিংসতার মধ্যে গত ১৭ নভেম্বর রাতে গোপালগঞ্জ-৩ আসনে সরকারদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পৈতৃক বাড়িতে হামলা-অগ্নিসংযোগ করা হয়। ওই সময় বাড়িতে হামলাকারীরা লুটপাটও চালিয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। ওই সময় বিএনপি সমর্থিত আরও কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা এ আগুন দিয়েছে। একই রাতে টুঙ্গিপাড়া থানাতেও আগুন দেওয়া হয়। এর পরের দিনই গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবরের গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকার বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি তার ব্যক্তিগত কার্যালয় এবং মালিকানাধীন ‘আরাফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ওই রাতেই কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এদিকে গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে মিছিল নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়। সেখানে তারা সেলিমুজ্জামান এমপির ভাই হাফিজ মোল্লা ও রফিক মোল্লার দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। একই সময়ে একই গ্রামের লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির, রফিক মোল্লাসহ তার কয়েকজন সমর্থকের বাড়িতেও আগুন দেওয়া হয়। একই দিন মুকসুদপুর থানায় আগুন দেওয়া হয়। এর আগে শহরে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ছাড়াও গত কয়েক দিনে পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ এবং টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় বিএনপির কার্যালয় ও বিএনপি নেতা ও সমর্থকদের দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়।

পাল্টা হামলায় পুড়ল আওয়ামী লীগের ১০ এমপি-মন্ত্রী, নেতার বাড়ি: গোপালগঞ্জে বিএনপির এমপি ও নেতাকর্মীদের বাড়িঘর ও প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগের জেরে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রী ও নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা ৫ থেকে ৬ জনের একটি দল বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অগ্নিসংযোগকারীরা ঘটনাস্থল থেকে চলে গেলে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়। এর আগে দীপু মনির ওই বাসায় ২০২৪ সালের ৫ আগস্ট আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাসভবনের নিচতলার একটি কক্ষে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যায়। তবে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ছাড়াও একই রাতে চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ গ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর দোতলা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর জানা যাবে।

বুধবার গভীর রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়রা জানান, রাত ৩ টার দিকে বিক্ষুব্ধ জনতা নানকের বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে বাসার জালানার গ্লাস ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ওই বাসার নিচে গার্ডের রুমে এবং বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

ওই রাতেই পিরোজপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। একই দিন বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের জেলা কার্যালয় ও হাবিবে মিল্লাতের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

বুধবার রাতে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ির ফটকের সামনে আগুন জ্বালায়। একপর্যায়ে বাড়ির ভেতরেও আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে আগুন দেওয়া হয়। এ নিয়ে বাড়িটিতে তিনবার আগুন দেওয়ার ঘটনা ঘটল। ওই রাতেই আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়।

বুধবার গভীর রাতে ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। হাজী রহিম উল্লাহ আওয়ামী লীগের জেদ্দা শাখার সাবেক সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়াও ১৮ নভেম্বর রাতে পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার এতিমখানা রোডে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের তালাবদ্ধ বাসভবনে আগুন দেওয়া হয়। পাশাপাশি বরগুনা পৌর শহরের চরকলোনী এলাকায় জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

রক্ষা পায়নি ড. ইউনূসের পৈতৃক বাড়িও: অন্যদিকে সার্বক্ষণিক পুলিশ পাহারায় মধ্যেই বুধবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় ড. ইউনূসের পৈতৃক বাড়ি ‘নিরিবিলি’তে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ জানিয়েছে, বাড়িটিতে কেউ থাকেন না। সেখানে তিনজন পুলিশ সদস্য ও নিজস্ব নিরাপত্তাকর্মী ছিলেন। মধ্যরাতে তারা দেখতে পান, বাড়ির পরিত্যক্ত অংশে কাগজের স্তূপে আগুন জ্বলছে। তখন দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।

নেতাদের বাসাবাড়ি ছাড়াও চাঁদপুর ও ময়মনসিংহে দুটি ইউনিয়ন পরিষদ কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পেট্রোলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়। পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন সোহাগ জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের জানালা ভেঙে ঢুকে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ছাড়াও ময়মনসিংহয়ের ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে গতকাল ভোরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির ভেতরের অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে কয়েকজন লোক এসে জিয়াউল আহসানের ৩ তলা বাড়ির ভাড়াটিয়াদের বের করে দেয়। এরপর সেখানে ভাঙচুর করা হয়। একপর্যায় বাড়ির নিচতলায় আগুন জ্বালিয়ে দেয় তারা। জিয়াউল আহসানের বিরুদ্ধে নানা স্লোগানও দেন তারা।

২০২৪ সালে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয় জিয়াউল আহসানকে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। একাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী ট্রাইব্যুনালে তার বিচার চলছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা কালবেলাকে বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা বিঘ্নিত করা, নাশকতা, সহিংসতা বা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পুলিশের গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। জনগণের জানমাল ও সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে।