সিলেটে পুলিশের অভিযানে ৪৬ জন গ্রেফতার

সিলেটে পুলিশের অভিযানে ৪৬ জন গ্রেফতার

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়।

অভিযানকালে পুলিশ নেশাজাতীয় ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা এবং ৩৮ পিস ইয়াবা উদ্ধার করে।

এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগও মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ১৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৮৩টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসএমপি জানিয়েছে, সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।