সিলেটে সীমান্তে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া, পাথরকোয়ারি, শ্রীপুর ও বাংলাবাজার বিওপি এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও মহিষ, জিরা, সুপারি, কমলা, মাল্টা, আঙ্গুর, পেঁয়াজ, অলিভ অয়েলসহ বিভিন্ন ভোগ্যপণ্য। এছাড়া চোরাচালানি পণ্য পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাকও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত এ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
জব্দকৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

