সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপির

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপির

সিলেট-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ তুলেছে সিলেট মহানগর বিএনপি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

অভিযোগপত্রটি দাখিল করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। অভিযোগে বলা হয়, প্রার্থী মাওলানা হাবিবুর রহমান তার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় উল্লেখ করেছেন যে তিনি কোনো কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার নন এবং কোনো ঋণ বা দায়ের সঙ্গে যুক্ত নন।

তবে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের নথি অনুযায়ী তিনি ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল হারামাহ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের একজন শেয়ারহোল্ডার বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া অভিযোগপত্রে বলা হয়, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ২৪ কোটি ১ লাখ ২৭ হাজার ৪৪৮ টাকা ঋণ গ্রহণ করেছে, যা বর্তমানে বকেয়া রয়েছে। এসব তথ্য হলফনামায় উল্লেখ না করে প্রার্থী গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলে দাবি বিএনপি নেতাদের।

রেজাউল হাসান কয়েস লোদী অভিযোগ করে বলেন, হলফনামায় মিথ্যা তথ্য প্রদান ফৌজদারি আইনে দণ্ডনীয় অপরাধ এবং এর মাধ্যমে ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভ্রান্ত করা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের কাছে আবেদন জানানো হয়েছে।