সিলেট সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

সিলেট সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

সিলেটের উৎমা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে লোকজন ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবি সেই চেষ্টা প্রতিহত করেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। সম্ভাব্য পুশইন ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতার পরিপন্থি কোনো পুশইন প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। এ ধরনের যেকোনো উদ্যোগ কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ উৎমাছড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে স্থানীয় বাসিন্দারা বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে যাচাই-বাছাই শেষে তাদের ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়।

পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে ওই দুই ব্যক্তিকে ভারতে ফেরত পাঠানো হয়।

বিজিবি বলছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে এবং সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।