সিলেটে অভিযানে বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার ৩২
সিলেট মহানগর এলাকায় বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩২ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য।
বুধবার (১ মার্চ) রাত ২৩:৫৯ পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে নিয়মিত মামলার ২ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং মেট্রো অধ্যাদেশে ২৮ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত মামলার আসামি হিসেবে ২ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মেট্রো অধ্যাদেশ মোতাবেক ২৮ জনকে আটক করা হয়।
মাদকবিরোধী অভিযানে জালালাবাদ থানা পুলিশ ৩৫০ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৬৩ বোতল বিদেশি মদ এবং বিপুল পরিমাণ ফুয়েল পেপার উদ্ধার করে।
এদিকে, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি, সন্দেহভাজন ব্যক্তি ও চোরাকারবারিদের আটক করা হয়।
এই অভিযানে ৮ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। জালালাবাদ থানা পুলিশ ৬৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এছাড়া ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন নিয়মিত মামলার আসামি, ৮ জন হকার এবং ৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
অন্যদিকে, শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে প্রায় ২ লাখ ১৪ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিকস জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

